স্প্যানিশ সাংবাদিক সিরো লোপেস কোপে রেডিওর এক অনুষ্ঠানে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি নবায়ন নিয়ে মত দিয়েছেন। লোপেস স্পষ্ট বলেছেন, ভিনিসিয়ুস বার্নাব্যুতে থাকবেন বলে তিনি আর বিশ্বাস করেন না এবং এই ‘চুক্তি নবায়নের ধারাবাহিক নাটক’ শেষ পর্যায়ে পৌঁছেছে।

আলোচনায় বর্তমান পরিস্থিতি নিয়ে সংশয় প্রকাশ করে লোপেস সরাসরি বলেন, “আমার মনে হয়, তাঁর থেকে যাওয়ার চেয়ে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। অর্থাৎ... এই নাটকের আসল চিত্র আমি বুঝে গেছি।”
গত ১ বছরের বেশি সময় ধরে ভিনিসিয়ুসের চুক্তি নবায়ন ঘিরে চলা নানা গুঞ্জন স্মরণ করে লোপেস বলেন, “গত বছরের ফেব্রুয়ারি থেকেই আমরা ‘ভিনিসিয়ুস নবায়ন করতে চান’ এবং ‘রিয়াল মাদ্রিদ নবায়নের বিষয়ে আত্মবিশ্বাসী’—এই গল্প শুনছি। তখন বলা হয়েছিল মৌসুম শেষ হওয়ার আগে নবায়ন হবে, হয়নি; বলা হয়েছিল ক্লাব বিশ্বকাপের পর হবে, তাও হয়নি; পরে বলা হলো দলে ফিরে অনুশীলনের সময়, জানুয়ারির দলবদল উইন্ডোর পর, এমনকি ছুটির আগেও... কিন্তু প্রতিবারই তা ভেস্তে গেছে।”
লোপেস প্রিমিয়ার লিগের শক্তিশালী দল আর্সেনালের সম্পৃক্ততার কথাও উল্লেখ করেন। তাঁর বিশ্লেষণ অনুযায়ী, রিয়াল ইতিমধ্যে ভিনিসিয়ুসের জায়গায় খেলতে পারেন এমন কাউকে আনার কথা ভাবছে এবং আর্সেনালের আগ্রহ ভিত্তিহীন নয়। তিনি বলেন, “আর্সেনাল এতে যুক্ত হয়েছে, আর রিয়াল একজন খেলোয়াড় আনার কথা ভাবছে এবং ইতিমধ্যে একটি প্রস্তাবও দিয়েছে... আমার ধারণা, শেষ পর্যন্ত এটি বাস্তবে পরিণত হবে। এখন সবাই আর্সেনালের আগ্রহ নিয়ে কথা বলছে; এমন গুঞ্জনও আছে যে খেলোয়াড় ও এজেন্টের মধ্যে কোনো ধরনের আর্থিক সমঝোতা হয়েছে।”
নিজের বক্তব্যের শেষে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত মূল্যায়নে লোপেস বলেন, “সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে, আশাবাদী থাকতে চাইলেও ভিনিসিয়ুস নিশ্চিতভাবেই চুক্তি নবায়ন করবেন না। শেষ পর্যন্ত রিয়াল তাঁকে সরাসরি বিক্রি করবে কি না, আমি জানি না; তবে আমার দৃঢ় অনুভূতি, নবায়ন কোনোভাবেই হবে না। এ বিষয়ে আমি মোটেও আশাবাদী নই।”
2026-08-03 14:45 তারিখে পরিবর্তিত হয়েছে